
পূর্বঘোষণা অনুযায়ী শনিবার (২৩ মে) সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার কথা থাকলেও শেষ মুহূর্তে এসে ছুটি ঘোষণা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। শুক্রবার (২২ মে) রাতে এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৩ মে থেকে ৬ জুন পর্যন্ত দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে। ১৫ দিনের এই ছুটি শেষে আগামী ৭ জুন (রোববার) থেকে যথারীতি শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে।
এর আগে পবিত্র রমজান মাসে বিদ্যালয় বন্ধ থাকায় ক্লাসের ঘাটতি পূরণে ১০টি শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করেছিল সরকার। সেই সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল ২৩ মে শনিবার বিদ্যালয় খোলা থাকার কথা ছিল। অন্যদিকে বাৎসরিক শিক্ষাপঞ্জি অনুযায়ী মূল ছুটি শুরু হওয়ার কথা ছিল ২৪ মে থেকে। ফলে ২৩ মে বিদ্যালয় খোলা থাকবে নাকি বন্ধ থাকবে—এ নিয়ে শিক্ষক, কর্মকর্তা ও অভিভাবকদের মধ্যে ব্যাপক বিভ্রান্তি তৈরি হয়।
দিনভর প্রাথমিক শিক্ষা প্রশাসনের পক্ষ থেকে কোনো স্পষ্ট নির্দেশনা না আসায় জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তারাও সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি। এতে মাঠপর্যায়ে অনিশ্চয়তা আরও বাড়ে।
এদিকে প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল কার্যক্রম সংক্রান্ত এক নির্দেশনায় ২২ মে থেকেই খাবার বিতরণ বন্ধ রাখার কথা বলা হয়েছিল। বিষয়টি পরোক্ষভাবে শনিবার বিদ্যালয় বন্ধ থাকার ইঙ্গিত দিচ্ছিল বলে সংশ্লিষ্টরা মনে করেন।
অবশেষে সব জটিলতা ও বিভ্রান্তির অবসান ঘটিয়ে শুক্রবার রাতে মন্ত্রণালয় জরুরি ভিত্তিতে ছুটির সিদ্ধান্ত জানায়। ফলে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে মূলত গত বৃহস্পতিবার (২১ মে) ছিল ছুটির আগে খুদে শিক্ষার্থীদের শেষ ক্লাস।